ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদ্যাপন
সুশাসনের জন্য হিসাববিজ্ঞান’ (Accounting for Good Governance) প্রতিপাদ্যকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন (Bangladesh Accounting Association) এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ (Department of Accounting and Information Systems)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। র্যালিতে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শহীদ মিয়া, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুস সবুর এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
দিবসটি উদ্যাপনের মূল লক্ষ্য ছিল হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টি। ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ১৭টি স্থানে একযোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদ্যাপিত হচ্ছে। আয়োজকদের মতে, একটি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে নির্ভুল হিসাব সংরক্ষণ, আর্থিক তথ্যের স্বচ্ছতা ও কার্যকর জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাববিজ্ঞানের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে হিসাববিজ্ঞান বিষয়ে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি, পেশাগত জ্ঞান ও দক্ষতার বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনে নৈতিকতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চাকে উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। এবারের প্রতিপাদ্য ‘Accounting for Good Governance’ বা ‘সুশাসনের জন্য হিসাববিজ্ঞান’ আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতাভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে হিসাববিজ্ঞানের কার্যকর ভূমিকার গুরুত্বকে বিশেষভাবে প্রতিফলিত করে।
******
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ড. মোঃ আব্দুল আজিজ
Edited By: Dr. Amanur Aman