প্রধানমন্ত্রীর সম্ভাব্য ইবি সফর/প্রস্তুতি জোরদারের নির্দেশ ভাইস চ্যান্সেলরের
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, প্রটোকল ও উন্নয়নকাজের অগ্রগতি তদারকিতে গুরুত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ইসলামী বিশ্ববিদ্যালয় সফর উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ, ১৪ অক্টোবর উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন উপলক্ষে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, প্রটোকল ব্যবস্থাপনা, চলমান উন্নয়নকাজের অগ্রগতি এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)প্রফেসর ড. মো আতিকুর রহমান। সভায় সভাপতিত্বকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন। তিনি ক্যাম্পাসের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন। ভাইস চ্যান্সেলর বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি সমন্বিত, পরিকল্পিত ও দায়িত্বশীলভাবে সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ ও কমিটির মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখতে হবে। বিশেষ করে প্রটোকল-সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রস্তুতিতে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। সভায় ক্যাম্পাসের চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কাজগুলো নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়া, কাজের মান বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর অবস্থা সরেজমিনে তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ক্যাম্পাসের সড়ক, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, প্রবেশপথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। সভায় এ-সংক্রান্ত পূর্ববর্তী সভাগুলোতে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। যেসব সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে, সেগুলোর বর্তমান অবস্থা, বাস্তবায়নে বিদ্যমান সমস্যা এবং দ্রুত সম্পন্ন করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। ভাইস চ্যান্সেলর সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দেন। এ ছাড়া সম্ভাব্য সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, যাতায়াত, অতিথিদের অভ্যর্থনা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, স্থান ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। সফরের চূড়ান্ত সময়সূচি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়েও মতামত দেন সদস্যরা। সভায় স্টিয়ারিং কমিটির সদস্যরা তাদের মতামত, পর্যবেক্ষণ ও প্রস্তাব তুলে ধরেন। ভাইস চ্যান্সেলর তাদের বক্তব্য শোনেন এবং প্রস্তাবগুলোর ভিত্তিতে প্রস্তুতিমূলক কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করার ওপর গুরুত্ব দেন। সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
*******
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman