ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে ইবি প্রশাসন
সরকারের ঘোষিত দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর সঙ্গে সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, চত্বর ও ভবনের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনটির নেতাকর্মীরা। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকার ঘোষিত তিন মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেন। ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলার কথা রয়েছে। ইবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, সরকারি উদ্যোগের প্রতি সাড়া দিয়ে ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। তারা বলেন, ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত সচেতনতামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে। একই সঙ্গে মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথাও জানান তারা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড.মো: ইদ্রিস আলী। এ সময় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় একটি সবুজ ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ক্যাম্পাস। এ পরিবেশ রক্ষায় ইতোমধ্যে প্রায় ১ হাজার ৫০০টি বৃক্ষরোপণ করা হয়েছে এবং চলমান কার্যক্রমের অংশ হিসেবে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজন নিজ নিজ দায়িত্বে ক্যাম্পাস পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই আবাসিক হল, বিভাগ, অফিস কক্ষ ও আশপাশের এলাকায় কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। এডিস মশা দিনের বেলায় বেশি সক্রিয় থাকায় এ সময় মশার কামড় থেকে সুরক্ষার পাশাপাশি প্রয়োজনীয় সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ভাইস চ্যান্সেলর আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নয়; শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবার সম্মিলিত দায়িত্বের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সম্ভব।
********
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
Efited By: Dr. Amanur Aman