ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, দক্ষ অফিস ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও ফলপ্রসূ করে তোলে। এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। আজ, ২১ জুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এই ওয়ার্কশপের আয়োজন করে। ভাইস চ্যান্সেলর কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে আধুনিক অফিস ব্যবস্থাপনা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশ, ফাইল ও নথি ব্যবস্থাপনা, সময় ব্যবস্থাপনা এবং ডিজিটাল অফিস সিস্টেম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। লোকপ্রশাসনের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ভাইস চ্যান্সেলর বলেন, অফিস ম্যানেজমেন্ট হলো একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সমন্বিত ব্যবস্থা। এতে প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে দৈনন্দিন কাজ পরিচালনা, সিদ্ধান্ত বাস্তবায়ন ও নীতি প্রয়োগ করা হয়। ফাইল ও নথি ব্যবস্থাপনায় ডকুমেন্ট সংরক্ষণ ও ডিজিটাল আর্কাইভিং করা হয়। যোগাযোগ ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ ও বাহ্যিক তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হয়। সময় ও কাজ ব্যবস্থাপনায় অগ্রাধিকার নির্ধারণ ও দক্ষতা বৃদ্ধি করা হয়। মানবসম্পদ, আর্থিক, আইসিটি, নেতৃত্ব, সেবা ও পরিকল্পনা ব্যবস্থাপনা একত্রে অফিসের কার্যকারিতা ও উন্নত ফলাফল নিশ্চিত করে।
ভাইস চ্যান্সেলরের মতে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অফিস প্রায় একটি স্বয়ংসম্পূর্ণ কেন্দ্রের মতো। সুতরাং কোনো অফিসের কাজ সেখানেই সম্পন্ন করতে হবে। তিনি বলেন, সব কাজেই ভাইস চ্যান্সেলরের কাছে ছুটে যাওয়া বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, এই সকল কাজ সম্পন্ন করতে একজন অফিস লিডারের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। যিনি সকল যোগ্যতা ধারণ করবেন, তিনিই সফল হবেন। এ লক্ষ্যে ভাইস চ্যান্সেলর কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহত প্রশিক্ষণের ওপর জোর দেন। তিনি বলেন, প্রশিক্ষণ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনা কৌশল আয়ত্ত করতে পারেন। এটি কর্মদক্ষতা বৃদ্ধি, ভুল হ্রাস এবং উৎপাদনশীলতা উন্নয়নে সহায়তা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন। বিশেষ অতিথিরা বলেন, বর্তমান সময়ে প্রশাসনিক কাজের মানোন্নয়নে দক্ষতা বৃদ্ধি ও নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য। এ ধরনের ওয়ার্কশপ কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, ভবিষ্যতে প্রশাসনিক দক্ষতা উন্নয়নে এ ধরনের আরও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে।
*****
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ছবি : আবু সিদ্দিক রোকন