ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ - সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে সবার অংশগ্রহণের আহ্বান ভাইস চ্যান্সেলরের
বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ এবং ক্লিন ক্যাম্পাস কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। এসময় ইবি ল্যাবরেটরি স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ এবং ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। ড. এ কে এম মতিনুর রহমান বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার। এর জীববৈচিত্র্য, সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের দায়িত্বও আমাদের সবার। বর্তমান সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ও এ উদ্যোগে সম্পৃক্ত হয়েছে।
আজ আমরা বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করছি। তবে এটি একদিনের কর্মসূচি নয়; আগামী এক মাসব্যাপী ক্যাম্পাসজুড়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব এবং ক্লিন কুষ্টিয়া গ্রীণ কুষ্টিয়া'র উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, এই পৃথিবী ব্যতীত এখন পর্যন্ত অন্য কোথাও এই মানবজাতির বসতি স্থাপন করার মত কোন পরিবেশ নেই। তাই পৃথিবীর পরিবেশ এবং মানবজাতির ভবিষ্যৎ রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই পরিবেশ সংরক্ষণ করতে পারি এবং এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎকে সংরক্ষণ করতে পারি। আশাকরি এই উদ্যোগের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষিত হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে তার পরিচিতি পাবে। গাছ বিতরণ ও রোপণ শেষে তিনি ক্যাম্পাস পরিচ্ছন্ন কাজের উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুল, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল।
++++++
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস