গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ জুন থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে।আজ, ৩ মে অনুষ্ঠিত ভর্তি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী। এ ছাড়াও উপস্থিত চিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি এবং ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা। সভায় ভর্তি প্রক্রিয়াকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধবভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়, ভর্তি কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রশাসনিক জটিলতা, অনিয়ম বা ভোগান্তির সম্মুখীন না হন, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ভর্তি কার্যক্রমের সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ সম্পাদন বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি আরও উল্লেখ করেন, যেহেতু ভর্তি পরীক্ষা ইতোমধ্যে একটি অনুকূল ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে, তাই ভর্তি প্রক্রিয়াটিও একই মান বজায় রেখে নির্বিঘ্নভাবে সম্পন্ন করা জরুরি।
জিএসটি/
উল্লেখ্য, জিএসটি (GST) বা গুচ্ছ পদ্ধতি হলো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রবর্তিত একটি সমন্বিত ভর্তি ব্যবস্থা, যেখানে একক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। এ পদ্ধতির মাধ্যমে ভর্তি পরীক্ষার পুনরাবৃত্তি কমে আসে এবং সমগ্র প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী হয়ে ওঠে।
---
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস